রংপুরে ১১ লাখ টাকাসহ অপহৃত ব্যবসায়ী উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৬
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দিন দুপুরে ছিনতাইকৃত ১১ লাখ টাকা ও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার ও ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া পাট ব্যবসায়ী হাফিজুর রহমানের (৩৫) বাড়ি পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে। 
 
আটক হওয়া ছিনতাইকারীরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার শফিকুল ইসলামের ছেলে সাব্বির আলী (২৮), চাঁদপুর জেলার মতলব উপজেলার উত্তর ফতেপুর গ্রামের নেওয়াজ আলীর ছেলে মোহন মিয়া (৩২), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ছলকা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে  জাহাঙ্গীর আলম (২৮), বরিশাল জেলার সদর উপজেলার  আব্দুস সাত্তারের ছেলে হুমায়ুন কবীর (৩০) ও মাদারীপুর জেলার সদর উপজেলা শিবখারা গ্রামের ইসরাইল হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৩০)। তবে মাইক্রোবাস চালক পালিয়ে যান। 
 
সোমবার রাত সাড়ে ৭টার দিকে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ছিনতাইকারীদের আটক করে। ১১ লাখ টাকাসহ ব্যবসায়ী হাফিজুরকে উদ্ধার করা হয়। উপজেলার শাল্টিগোপালপুর এলাকায় পীরগঞ্জ-রংপুর সড়কে মাইক্রোবাসটি আটক করা হয়। 
 
শেষ খবর পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল। আটককৃদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।    
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা ৩টার দিকে ইসলামী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে ১৩ লাখ টাকা তুলেন পাট ব্যবসায়ী হাফিজুর রহমান (৩৫)। সেখান থেকে ২ লাখ টাকা অন্য এক ব্যবসায়ীকে দিয়ে ১১ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার বড় আলমপুর ইউনিয়ওেনর ছোট উজিরপুরে বাড়ি যাচ্ছিলেন। পীরগঞ্জ পৌর এলাকার চওড়ারহাট এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি সাদা রংয়ের মাইক্রোবাস তার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ৪ দুর্বৃত্ত নেমে হাফিজারের মাথায় আঘাত করে তাকে গাড়িতে তুলে নিয়ে রংপুর শহরের উদ্দেশে রওনা দেয়।  মাইক্রোবাসটি মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর এলাকা অতিক্রমকালে একটি রিকশাভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা সেখানে ছুটে যায়। মাইক্রোবাসের ভেতর থেকে ব্যবসায়ী হাফিজার নিজেকে রক্ষা করার জন্য চিৎকার করলে লোকজন ৪ ছিনতাইকারীসহ মাইক্রোবাসটি আটক করে পুলিশে খবর দেয়। এসময় বিক্ষুব্ধ লোকজন মাইক্রোবাসটি ভাঙচুর করে।