সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে কয়েক লাখ দর্শনার্থীর উপস্থিতিতে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ দিন পর এই নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে বংশাই নদীর আশপাশ এলাকার ৬ কিলোমিটার জুড়ে উৎসবের আমেজে পরিণত হয়।
জানা গেছে, গ্রামীণ ঐহিত্য নৌকা বাইচকে ধরে রাখার জন্য মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন এবং মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমনের যৌথ উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে গত কয়েক দিন ধরে মির্জাপুরে এক উৎসবের আমেজ বিরাজ করে। সোমবার সকাল থেকেই বংশাই নদীর আশপাশে এলাকা ও নদীর দু'পাশে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ অবস্থান নেয় এক নজর নৌকা বাইচ দেখার জন্য। প্রায় ৬ কিলোমিটার এলাকার নদীর পাশে এক জনসমুদ্রে পরিণত হয়।
IMG0
সিরাজগঞ্জ,পাবনা,গাজীপুর, নাগরপুর, দেলদুয়ার, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকা থেকে বিশাল বিশাল নৌকা এসে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় উড়ন্ত বলাকা চ্যাম্পিয়ন, আল্লাহর দান প্রথম, মায়ের দোয়া ২য় এবং ফুলের তরি ৩য় স্থান লাভ করে।
এদিকে এ উপলক্ষে লতিফপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি মো. জাকির হোসেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
ইত্তেফাক/আরএ
