বজ্রপাত: দুই পরিবারের পাঁচজনসহ ১০ জনের মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩১
সারা দেশে বজ্রপাতে দুই পরিবারের পাঁচজনসহ ১০ জনের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার দিনের বিভিন্ন সময় টাঙ্গাইলের মধুপুর, দিনাজপুরের খানসামা, সুনামগঞ্জের দিরাই, চাপাইনবাবগঞ্জ ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। সারা দেশ থেকে ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত খবর-
 
টাঙ্গাইলের মধুপুর উপজেলা সংবাদদাতা জানান, ভোরে মাগন্তিনগর গ্রামে বৃষ্টি হচ্ছিল। এ সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ টিনের চালার উপর বাজ পড়লে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। মৃতরা হলেন, বাবা নিখিল হাজং (৪৫) এবং তার স্কুল পড়ুয়া দুই ছেলে জর্জ সিমশাং (১০) ও লোটন সিমশাং। এ সময় নিখিলের স্ত্রী জনতা সিমসাং (৪০) আহত হয়েছেন। তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার খানসামা উপজেলার ছাতিয়ান গড় গ্রামে গবাদিপশুর খাদ্য সংগ্রহের জন্য মতিলাল রায় (৩২) মাঠে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
সুনামগঞ্জের দিরাই উপজেলা সংবাদদাতা জানান, মাটিয়াপুর গ্রামে বজ্রপাতে শামীম মিয়া (৪৩) ও তহুর মিয়া (৩২) নামে দুজন মারা গেছেন।
 
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, করনশি গ্রামে বজ্রপাতে মা ললিতা (৪০) ও তার ছেলে রিমনের (১৫) মৃত্যু হয়েছে। এ সময় তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
 
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) প্রতিটি ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ওই ইউনিয়নের জহুরপুর (নয়রশিয়া) গ্রামের মো. ফটিকের ছেলে আব্দুর রাকিব (২৩) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে অহিদুল ইসলাম (৪৫)।
 
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন হোদা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাকিব ও অহিদুল ওই এলাকার সোনার্দি চরের পশ্চিমে পদ্মা নদীতে মাছ ধরছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
 
 
ইত্তেফাক/এএসএমইউ