লিবিয়ায় নিজেদের এক পরিবেশককে সম্মাননা দিয়েছে শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ।
সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এ সম্মাননা দেওয়া হয়। প্রাণ গ্রুপের প্রধান রপ্তানি কর্মকর্তা মিজানুর রহমানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন আল-ওয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাগাব ইব্রাহিম-আল ফিতরি।
লিবিয়াতে প্রাণ পণ্য জনপ্রিয় করার ক্ষেত্রে রাগাব ইব্রাহিমের অসামান্য অবদান রয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে ব্যবসা সম্প্রসারণে অনবদ্য ভূমিকার জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হলো।
এসময় প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আফ্রিকা অঞ্চল) এহসানুল সিদ্দীক ও মেজর (অব.) জে কবির সাকিব উপস্থিত ছিলেন।
মিসরাতা ভিত্তিক আল-ওয়া কোম্পানি ২০১৩ সাল হতে প্রাণ এর মুড়ি, চানাচুর, সরিষার তেল, ফ্রুট ড্রিংকস, বেভারেজ ও কনফেকশনারি পণ্য আমদানি করছে।
এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, আফ্রিকার দেশসমূহে প্রাণ পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আফ্রিকার ৪৪টি দেশসহ বিশ্বের ১৩০টি দেশে প্রাণ এর পণ্য রপ্তানি হচ্ছে।
ইত্তেফাক/এসএস
