ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে অনশনকারী প্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলামের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তারা এ দাবিতে রবিবার দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
হামলার পাঁচদিন পার হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় তারা এই কর্মসূচি পালন করে। এর আগে প্রতিবন্ধী শিক্ষার্থীরা ক্যাম্পাসের টিএসসিতে জড়ো হয়। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার, ডাকসু ভবন, কলা ভবন, ব্যবসা শিক্ষা অনুষদ ঘুরে টিএসসিতে গিয়ে শেষ করে। এ সময় তারা ‘হামলায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করা, অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা, প্রতিবন্ধীদের ওপর হামলার বিচার চাই,’ ইত্যাদি দাবি জানায়।
বিক্ষোভকারীরা জানান, গত সপ্তাহের মঙ্গলবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার পথে তিনতলার করিডরে রবিউলকে এক ছাত্র পথ আটকে রাখে। এ সময় তিনি ডাকসুর পুনঃর্নিবাচনের দাবিতে অনশন করেছিল কি-না তা জানতে চাওয়া হয়। রবিউল হ্যাঁ বলতেই তার ওপর মারধর এবং গালিগালাজ করা হয়। রবিউল অন্ধ হওয়ায় হামলাকারীকে চিনতে পারেনি। আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে হলে নিয়ে আসা হয়।
বিক্ষোভকারীদের মধ্যে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমজাদ বলেন, ‘দখলদারের সময়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও নিরাপদ নয়। তিনি ওই হামলাকারীকে শনাক্ত করে তার বিচার দাবি করেন’।
আরও পড়ুন: অ্যাপসে মিলবে রেলের টিকিট: রেলমন্ত্রী
রবিউল ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনঃর্নিাবচনের দাবিতে গত ১৪ই মার্চ অনশনে যোগ দেন তিনি। তিনি মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক ছাত্র। অভিযোগের বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা ঘটনার পরপরই হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোমেনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। আজ আমি আবার খোঁজ নিব। আসলে ভুক্তোভোগী যদি কোন ক্লু দিতে না পারেন তবে অভিযুক্তকে খুঁজে বের করা অনেক কঠিন। তারপরেও আমি বিষয়টি দেখছি।
ইত্তেফাক/এমআই
