ইবি'র শিক্ষার্থীদের কারণ দর্শানোর সময় বৃদ্ধি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০ দিনের বেশি অনুপস্থিত থাকার কারণ দর্শানোর সময় বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
মঙ্গলবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাদের অনুপস্থিত থাকার বিষয়ে অভিযোগ, সংশোধনী বা বৈধ কারণ থাকলে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রশাসনকে জানানোর কথা ছিল। যেহেতু, ২০ সেপ্টেম্বরের আগে ঈদুল আযহার ছুটি চলমান ছিল সেহেতু ভাইস চ্যান্সেলরের নির্দেশে কারণ দর্শানোর সময় বৃদ্ধি করা হয়েছে।
 
তিনি আরও জানান, যে সব অনুপস্থিত শিক্ষার্থী এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট করেনি তাদেরকে আগামী শনিবারের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
 
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসারে ইবি কর্তৃপক্ষ গত ৮ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ১০ দিনের বেশি অনুপস্থিত ৫৩ শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করে।
 
ইত্তেফাক/এসএস