বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে কাজীবাচা নদের তীরে গড়ে উঠা মিনি পার্ক ‘ভূতের আড্ডায়’ দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে। শহর থেকে দূরে রূপসা নদীর তীরে দক্ষিণ মাথাভাঙা গ্রামে দীর্ঘদিন পর এ পার্কটি যেন প্রাণ পেতে শুরু করেছে।
ভূতের আড্ডা নাম শুনলেই গা যেন ছম্ছম্ করে ওঠে। মনে হয় শত শত ভূতের মিলন হয় এ আড্ডায়। রূপসা ব্রিজ থেকে মাত্র আধা কি.মি দক্ষিণে সাড়ে ছয় একর জায়গা নিয়ে তৈরি পার্কটিতে রয়েছে উপভোগ করার মতো বেশ কিছু দৃশ্য। রয়েছে ঘোড়ার গাড়ি, দোলনা, বাচ্চাদের ঠেলাগাড়ি, যাদুঘর, ড্রাগন, মানব সভ্যতা বিকাশের গুহা, ১৫টি টং ঘর, পুকুরের উপর উড়ন্ত পরী, ভূতের শাস্তিতে কবর থেকে বেরিয়ে আসছে ধোঁয়া ইত্যাদি।ভূতের আড্ডায় প্রবেশ মূল্য ২০ টাকা।
স্থানীয়রা জানান, শহরের উপর আনন্দ করার মতো তেমন কোনো পার্ক নেই। মানুষের ভিড়ে কোথাও বন্ধু-বান্ধবীদের নিয়ে নিরিবিলি বসার ভালো ব্যবস্থাও নেই। তাই এ পার্কটির উন্নয়ন হলে মানুষ মনের খোরাক ফিরে পেতো।
রিভার পার্ক এ্যান্ড ভূতের আড্ডার স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া খোকন বলেন, শিল্পাঞ্চল খুলনার মানুষের মনের খোরাক মেটানোর জন্য ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার চিন্তা সব সময়ই ছিল। তাই শহর থেকে দূরে কাজীবাচা নদের তীরে পার্কটি শুরু করা হয়েছে। এখানে থাকবে এমন ব্যতিক্রম কিছু যা বাংলাদেশের অন্য কোথাও নেই। গড়ে তুলতে চাই একটি দৃষ্টিনন্দন পার্ক।
ইত্তেফাক/এএন
