সখীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১০:০২
 
গ্রাহকদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইলের সখীপুরের পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলীকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে বিউবোর নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত হিসাবে সখীপুর পিডিবির দায়িত্ব দেয়া হয়েছে।
 
মঙ্গলবার ঢাকা বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (বিউবো) সহকারী পরিচালক-১ (কর্ম) মোজাম্মেল হক এবং ঢাকা বিউবোর কর্মচারী অধিদফতরের উপ-পরিচালক-১ মেহেরুন নেছা খানম স্বাক্ষরিত এক চিঠির আদেশে তাকে ক্লোজড করা হয়।
 
শাহাদাত আলী নির্বাহী প্রকৌশলী হিসাবে সখীপুরে  যোগদান করে প্রায় দুই বছর আগে। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, অতিরিক্ত ও ভুতুড়ে বিল, অসৌজন্যমূলক আচরণ, অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ ছিল। এসব কারণে বিভিন্ন সময় গ্রাহকরা মানববন্ধন, সমাবেশ, স্মারকলিপি প্রদান, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এরপর থেকে নির্বাহী প্রকৌশলী তীব্র সমালোচনার মুখে পড়েন।
 
ঈদের পরদিন বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সখীপুরে ‍গেলে গ্রাহকরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন।
 
 প্রতিনিধি দলের সদস্যরা সাতদিনের মধ্যে  সমস্যা নিরসনে আশ্বস্ত করে। গতকাল নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলীকে প্রত্যাহার করে নেয়া হলো।
 
ইত্তেফাক/এএসএস