অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দমনে ১৯৩ দেশের মধ্যে চুক্তি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৮
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র অ্যান্টিবায়োটিক প্রতিরোধী 'সুপার বাগ' তৈরি হওয়া ঠেকাতে একটি ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছে।
 
বিশেষজ্ঞরা বলছেন, ছয় বছরের যৌথ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে প্রতিবছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব হবে। ওষুধ প্রতিরোধী জীবাণু তৈরি হওয়া অব্যাহত থাকলে সামান্য অসুখেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ম্যালেরিয়া, এইচআইভিসহ বিভিন্ন রোগের জীবাণু বার বার ওষুধের সংস্পর্শে এসে মিউটেশনের মাধ্যমে অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
 
সর্বশেষ হতে যাওয়া চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো একটি যৌথ কর্মপরিকল্পনা ঠিক করার জন্য দুই বছর সময় পাবে। চুক্তিটি হলে এটি হবে এ ধরনের চতুর্থ চুক্তি। এর আগে ২০০১ সালে এইচআইভি, ২০১১ সালে অসংক্রামক রোগ ও ২০১৩ সালে ইবোলা প্রতিরোধে যৌথভাবে কাজ করতে চুক্তিতে উপনীত হয়েছিল জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র।
 
ওষুধ প্রতিরোধী জীবাণুদের মানব সভ্যতার জন্য আসন্ন হুমকি হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান বিশ্বে মানুষের জ্ঞাত হুমকিগুলোর মধ্যে 'সুপার বাগ' অন্যতম। মানুষ, জীব জন্তু ও কৃষি ক্ষেত্রে অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহারকে সুপার বাগ তৈরি হওয়ার জন্য দায়ী করা হচ্ছে। বিভিন্ন ব্যাকটেরিয়া যে হারে ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে সে তুলনায় নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করা সম্ভব হচ্ছে না। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস