নেদারল্যান্ডসের আমস্টারডামের রাই কনভেনশন সেন্টারে আগামী ২৮-২৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২দিনব্যাপী ‘ডাচ-বাংলা এক্সপো-২০১৬’। এই এক্সপোতে বাংলাদেশের ৩০টি প্রতিষ্ঠানের মোট ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে।
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই ও উক্তমেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে।এসিআই এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের চিফ স্ট্রেটেজী অফিসার মো সাইফুল্লাহ দুই দিনের এই আন্তর্জাতিক মেলায় প্রতিনিধিত্ব করবেন।বাংলাদেশের কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ,কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারে বাংলাদেশে কৃষিখাতে বাণিজ্যের অপার সম্ভাবনাকে তুলে ধরাই হবে তাঁর মূল উদ্দেশ্য।
নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) যৌথভাবে এই এক্সপোর আয়োজন করছে।এই এক্সপোর আয়োজনে সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিওআই, বেজা, পিপিপিএ, এফবিসিসিআই এবং ঢাকায় অবস্থিত নেদারল্যান্ড দূতাবাস।
আয়োজক সূত্রে জানা যায়, ডাচ-বাংলা এক্সপো- ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নেদারল্যান্ডস ও ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং বাংলাদেশে ইউরোপের বিনিয়োগ আকর্ষণে এ মেলা আয়োজন করা হচ্ছে।এর বাইরে বাণিজ্যিক সেমিনার, ফুড ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
ডাচ-বাংলা এক্সপোতে অংশগ্রহণ সম্পর্কে মো সাইফুল্লাহ বলেন, “বাংলাদেশের কৃষি খাতে এসিআই এর ভূমিকা প্রশংসার দাবীদার।এই এক্সপোর মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আমাদের কৃষিখাতকে তুলে ধরতে এসিআই সচেষ্ট।বাংলাদেশের এই সম্ভাবনাময়ী কৃষিখাত ইউরোপের বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আমি বিশ্বাস করি।’’
ইত্তেফাক/এসএসএ
