লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রী নিহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১১
বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া মৌলভী পাড়ায় পদুয়া সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী শাহিদা আকতার লিমার মৃত্যু হয়েছে। সে আবু সৈয়দের মেয়ে। 
 
বৃহস্পতিবার ২টার পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 
 
তার মৃত্যুতে পরিবার-পরিজন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
 
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর লিমা তার প্রবাসী চাচার বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। একই সময়ে আহত হয় তার মামাতো বোন ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আয়েশা আকতার। স্বজনরা তাদেরকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লিমার অবস্থা অবনতি হলে তাকে চমেকে প্রেরণ করা হয়। এ অবস্থায় চমক হাসপাতালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মিনী রিজিয়া রেজা চৌধুরীসহ বিভিন্ন স্তরের মানুষ। এক সপ্তাহ চিকিৎসা শেষে বৃহস্পতিবার বেলা ২টার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 
 
সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী জানান, লিমা ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী। ঘটনার দিন তার প্রবাসী চাচার বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে ১২ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।