জয়ের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সারাদেশে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪০
 
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে সারাদেশে আনন্দ শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা ১১টায় একযোগে সারাদেশে এবং বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটে। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরষ্কারে মনোনীত করার মাধ্যমে বঙ্গবন্ধু পরিবারের প্রতি যথাযথ স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
 
IMG0
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও মিছিল পূর্ব সমাবেশে অংশ নিয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েত বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু পরিবারের স্বীকৃতি। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। তার সেই গুরু দায়িত্ব শেখ হাসিনা পালন করছেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সবাইকে আস্থা রাখতে হবে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে আমাদের সহযোগীতা করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় প্রধানমন্ত্রীর পাশে থেকে সাহস জোগাবে বলে এ সময় তিনি উল্লেখ করেন।
 
IMG1
 
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান বলেন, জাতির পিতার পরিবার বাংলাদেশের অহংকার। প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বের  সাথে সমান তালে এগিয়ে চলেছেন। বিশ্বনেতৃবৃন্দ যখন অর্থনীতি-সামরিক খাতে বাজেট বরাদ্দ বেশি রাখে তখন তিনি শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বেশি করেন। তারা যা না ভাবে তিনি তা ভাবেন। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশে প্রযুক্তির ছোয়া লেগেছে মন্তব্য করে তিনি নোবেল কমিটির কাছে প্রধানমন্ত্রীকে নোবেল পুরষ্কার দিয়ে তার পরিবারের প্রাপ্য যথাযথ স্বীকৃতি দেয়ার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  
আব্দুর রাজ্জাক লালন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
 
পরে ঢাবির মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন রোড প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যে  এসে সমাবেশে পরিণত হয়।
 

ইত্তেফাক/এএম।