সড়ক দুর্ঘটনার পর বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এ ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট মহানগর পুলিশের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে পুলিশ প্রশাসনের কাছে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় আনা, পরিবহন শ্রমিকদের হয়রানি না করাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। প্রশাসন এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
