নারীর ক্ষমতায়নে ভূমিকার জন্য ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একইসঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’ অর্জন করায় প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া শেখ হাসিনার হাতে বুধবার ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয়। তার একদিন আগে ‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’গ্রহণ করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়, ওই অনুষ্ঠানে মা শেখ হাসিনাও তার সঙ্গে ছিলেন।
বৃহস্পতিবার এফবিসিসিআইর এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর অনন্য অর্জনে এফবিসিসিআই নেতৃবৃন্দ অত্যন্ত গর্বিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের আর্থ-সামাজিক নানা সূচকে অসামান্য সাফল্যে দেশের ব্যবসায়ী সমাজ অত্যন্ত আশাবাদী। বিশ্বসভায় প্রধানমন্ত্রীর সম্মানজনক এ দুটি অ্যাওয়ার্ড প্রাপ্তি দেশের নারীদের জন্য টেকসই ভবিষ্যত্ নির্মাণের লক্ষ্যে সুযোগ সমপ্রসারণ এবং তাদের কর্মক্ষেত্রকে আরও প্রসারিত করবে।
ইত্তেফাক/এএম।
