গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র কারাবন্দি অধ্যাপক এম এ মান্নানকে নাশকতার আরো একটি মামলায় ফের গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাকে গ্রেফতারের আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ২৭টি মামলা হয়েছে। এর মধ্যে আদালত থেকে ইতোমধ্যে তিনি ২৬ মামলায় জামিন পেয়েছেন।
গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে গত ২০১৩ সালের ৩০ জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকার রুপা গার্মেন্টসের সামনে জামায়াত ও বিএনপির কর্মীরা ঢাকাগামী বন্যা পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পরদিন জয়দেবপুর থানার এসআই সৈয়দ হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৪০-৫০ জন জামায়াত-শিবির ও বিএনপির কর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকালে ওই ঘটনার সঙ্গে অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা ওই মামলায় অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতারের জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিকালে শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই ওই আবেদন মঞ্জুর করে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারের (শোন এরেস্ট) আদেশ দেন।
