যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ বালককে গুলি করা পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৪
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় পুলিশের গুলিতে ১৩ বছরের কিশোর নিহত হওয়ার ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে শ্যার্লট শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পাঁচ ঘণ্টার কারফিউ জারি করেছে প্রশাসন। অন্যদিকে গত সপ্তাহে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করা পুলিশ সদস্য বেটি শেলবির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 
আইনজীবী কুনজওয়েলার জানান, শেলবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার অন্তত চার বছরের সাজা হবে। গত সপ্তাহে টেরেন্স ক্লাচার নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ‍গুলি করে হত্যা করে বেটি শেলবি। মূলত সেইজন্যই তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
 
এদিকে উত্তাল শ্যার্লট শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
বৃহস্পতিবার রাতে শহরের প্রধান একটি সড়ক বন্ধ করে রাখার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
২০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় বই পড়ার সময় কেইথ স্কট নামে এক কৃষ্ণাঙ্গকে পুলিশ গুলি করে হত্যা করেছে দাবি করে নিহতের পরিবার। তবে পুলিশের দাবি, ওই ব্যক্তি বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিলেন। 
 
এ নিয়েই শুরু হয় বিক্ষোভ। এখন পর্যন্ত প্রায় ২০ জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিক্ষোভকারীদের একজন। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ