নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘কুড়িগ্রামের জেলার ভুরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরের অবকাঠামোসহ অন্যান্য উন্নয়নে প্রায় ৪৩ কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, নদী মাতৃক বাংলাদেশে আবার নদী ফিরিয়ে আনা হবে। খনন কার্যের মাধ্যমে শুকিয়ে যাওয়া চিলমারীর নদী বন্দর পুনরায় চালু করা হবে।’
শুক্রবার সোনাহাট স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জামায়াত-বিএনপির চোখে আওয়ামী লীগের উন্নয়ন ধরা পড়েনা। অথচ এদেশের উন্নয়নে তাদের কোনো অবদান নেই। যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের আমলে।’
বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ছয়জন ক্ষতিগ্রস্ত জমির মালিককে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, স্থলবন্দরের উন্নয়নে জমি অধিগ্রহণের জন্য প্রায় সাত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
ইত্তেফাক/এএসএইউ
