রিয়াল-বার্সা-ম্যান ইউ’র জার্সি নিষিদ্ধ করেছে আইএস

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪২
নিজেদের  নিয়ন্ত্রিত এলাকায় ইরাকে আল-ফুরাতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইংলিশ ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইতালির এসি মিলানের জার্সি নিষিদ্ধ করেছে সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস।
 
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ দাবি করা হয়। ইরাকে জঙ্গি সংগঠনটির হিজবাহ নামক ধর্মীয় পুলিশ শাখা মূলত এই নিষেধাজ্ঞা জারি করেছে। আর এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তাকে ধরে নিয়ে শাস্তিস্বরূপ ৮০টি দোররা মারা হবে বলেও জানায় আইএস।
 
গত ২৮ মে রাতে সান সিরো স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ আর অ্যাতলেতিকো মাদ্রিদের খেলা চলাকালীন ইরাকের বাকুবা শহরে রিয়ালের ১২ জন সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছিল। এ ঘটনার দুই সপ্তাহ আগেই বালাদ শহরে রিয়াল মাদ্রিদের আরেকটি ফ্যান ক্লাবে আইএসের হামলায় মারা যান ১৪ রিয়াল সমর্থক। মিরর
 
ইত্তেফাক/এমএইচ