'বাগ' ধরে ফেসবুকের ১০ লাখ রুপি পেলেন ভারতীয় তরুণ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৭
ভারতের কেরালার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র অরুণ এস কুমার সম্প্রতি ‘বাগ’ শিকারি হিসেবে বেশ নাম করেছেন। ফেসবুকের ওয়েবসাইট কোডে ‘বাগ’ ধরেই পুরস্কারস্বরূপ পেয়েছেন ১০ লাখ ৭০ হাজার রুপি।
 
এই ‘বাগ হান্টার’ অরুণ এস কুমার একজন ‘হোয়াইট হ্যাট হ্যাকার’। ভারতের এমইএস ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। তার বয়স মাত্র ২০ বছর। এখনও ইঞ্জিনিয়ারিং পাশ করেননি তিনি। কিন্তু হোয়াইট হ্যাকিংয়ে পারদর্শী হ্যাকারদের হার মানাতে পারবেন অরুণ।
 
গত এপ্রিল মাসে গুগল এবং ফেসবুকে তিনি বেশ কয়েকটি সমস্যা দেখেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই ফেসবুক থেকে ৭ লাখ টাকা পুরস্কার দেওয়া হয় অরুণকে।
 
সম্প্রতি আরেকবার ফেসবুকে একটি গুরুতর সমস্যা দেখতে পান তিনি। যে ‘বাগ’টি তিনি এইবার খুঁজে পান তা ব্যবহার করে গ্রে হ্যাকাররা সম্পূর্ণ ওয়েবসাইট তাদের দখলে করে নিতে পারেন বলেই দাবি করেছেন অরুণ। গত ২৯ আগস্ট এই সমস্যার কথা জানিয়ে ফেসবুককে মেল করেন তিনি। যার উত্তরে ফেসবুক তাকে ধন্যবাদ জানায়। 
 
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণের এই সমস্যা চিহ্নিত করার ফলে ফেসবুক নিরাপত্তাজনিত ভয়ংকর সমস্যার সম্মুখীন হওয়া থেকে রেহাই পেল।
 
গত ৩ বছর ধরে এই ‘বাগ হান্টার’ প্রায় ৩০ লাখ ৮৫ হাজার টাকা আয় করেছেন কেবল হোয়াইট হ্যাট হ্যাকিং-এর মাধ্যমে। এমনকি, ফেসবুক থেকে অরুণ এবং আরও তিন দেশের হ্যাকারকে আগস্ট মাসেই লাস ভেগাস ডেকে পাঠানো হয় ফেসবুকের সিকিউরিটি টিমের সঙ্গে দেখা করার জন্য।
 
এছাড়াও অরুন এস কুমার প্রথম ভারতীয় হোয়াইট হ্যাট হ্যাকার হিসেবে ‘ফেসবুক’স হল অফ ফেম’এ দশম স্থান অধিকার করেছেন।
 
সাধারণ ঘরের মেধাবী ছেলে অরুন, আর এক বছরের মধ্যেই ইঞ্জিনিয়ারিং-এর পড়াশোনা শেষ করবেন। বাবা সরকারী কর্মচারী এবং মা গৃহবধূ। এমন সাধারণ ঘর থেকে এরকম নজির গড়তে পেরে খুশি অরুণের পরিবার।
 
ইত্তেফাক/এএম