এদেশে শাহনাজ রহমতুল্লাহর গান অন্য সব শিল্পীর গানের ডিসেড়াগ্রাফী থেকে আলাদা হবে কারণ শাহনাজ রহমতুল্লাহ তার গানের ক্ষেত্রে কথা-সুরের ব্যাপারে কখনও কম্প্রোমাইজ করেননি। ওপার বাংলার মান্না দে আর আমাদের শাহনাজ রহমতুল্লাহ
যে দুজনার গান, গান বাছাইয়ের ক্ষেত্রে রুচিবোধ সমান এবং অধিকাংশ শিল্পী কেই বলতে শোনা যায়,সবার গান আনায়াসে তোলা গেলেও শাহনাজ আপার গান কণ্ঠে তোলা খুব কঠিন। সত্যিই তাই, এরকম মহীরুহ পৃথিবীতে দীর্ঘ বিরতি নিয়ে আসেন। শাহনাজ রহমতুল্লাহ এই মহাপ্রয়ানে শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে। শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে তার সঙ্গীত জীবনের খুব কাছের ৪ বরেণ্য শিল্পীর স্মৃতিস্মারক প্রকাশ করা হলো—
দেশের সঙ্গীতের একজন উজ্জ্বল তারাকে আমরা হারালাম। খুব কাছে থেকে দেখা এই মানুষটার চলে যাওয়ার সংবাদ ভীষণভাবে ব্যথিত করে। আমাদের তরুণ সময়ের কথাগুলো মনে পড়ছে খুব। আমাদের সেই সময়টায় অনেক পরিশ্রম করে গান তুলতে হতো। সেই জায়গা থেকে শাহনাজ রহমতউল্লাহ এক উদাহরণ। আমাদের সঙ্গীতাঙ্গণে এখনো যাদের গানের জনপ্রিয়তা রয়েছে তাদের একজন শাহনাজ রহমতউল্লাহ। জানি না, আর কত সেরা শিল্পীকে আমাদের হারাতে হবে। তিনি ওপারে ভালো থাকুক। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুক।
— রুনা লায়লা
শাহনাজ আপা তার গানের অনুরণন দিয়ে তৈরি করে দিয়ে গেছেন হেলায় অবহেলায়। অথচ এগুলো তিনি জেনেশুনে সুনিপুণভাবে করেন নাই। তিনি গান গেয়েছেন অসম্ভব ভালবেসে এবং অতিরিক্ত অপেশাদার ভঙ্গিতে। গানের জগতে প্রথম-দ্বিতীয় হওয়ার ইঁদুর দৌঁড়ে কখনই সামিল হননি। নিজের এই বিশেষত্বকে তিনি কখনই সিরিয়াসলি নেননি।
তারপরও যা গান গেয়েছেন একটা গানও মাটিতে পড়েনি। তা সারা দেশের গানপ্রিয় মানুষের হূদয়ে ঢুকে স্থায়ীভাবে বসতি গড়েছে। আমি তার কণ্ঠের চাইতেও এই আন্ডার ভয়েজের কারুকার্যময় দীর্ঘ নিঃশ্বাসের অন্ভক্ত। এজন্য যতবার আমি তাকে দেখেছি অটোমেটিক আমি কেঁদেছি। উনি তখন বলতেন এই মেয়ে, এই বোকা মেয়ে তুমি কাঁদো কেনো, তুমি আমার কাছে এসো!
— কনকচাঁপা
প্রিয় মানুষগুলো হয়তো হঠাত্ করেই চলে যায়। শাহনাজ রহমতউল্লাহর চলে যাওয়াটাও তেমনটাই হলো। তার অসংখ্য গান আমার প্রিয়। শুধু আমার নয় এদেশের মানুষ তার গান এতটাই ভালোবাসে যে সারাজীবন এই মানুষটার গান বেঁচে থাকবে। একজন গুণী সঙ্গীতশিল্পীর পাশাপাশি ভালো একজন মানুষ ছিলেন তিনি। আর গানের প্রতি তার যেমন ভালোবাসা ছিল তা উল্লেখ করার মতো। বিশেষ করে তার কণ্ঠে দেশাত্মবোধক গানের জনপ্রিয়তা অনেক। গানের মধ্য দিয়ে এই মানুষটা দেশকে ভালোবাসার কথা বলতে পেরেছেন। একজন শিল্পীর কাছে এটি অনেক পাওয়া।
— সাবিনা ইয়াসমিন
বাংলাদেশের কিছু শিল্পী আছেন যাদের নাম বললে সারা পৃথিবীর মানুষ চিনবে। শাহনাজ রহমতউল্লাহ তাদের মধ্যে একজন। সঙ্গীত জগতে বাংলার অ্যাম্বাসেডর ছিলেন শাহনাজ রহমতউল্লাহ। আমরা যে স্বাধীনতার যুদ্ধটা করেছি শারীরিকভাবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে দাবি করছি নিজেদের, সে দাবীর পেছনে আমরা মনে করি সঙ্গীত অঙ্গনের মানুষের ভূমিকা অত্যন্ত স্পষ্ট।
শিল্পী তৃপ্তির জন্য কাজ করেন, খ্যাতির জন্য নয়। তবে এই অঙ্গনের মানুষদের কেউ শেষ পর্যন্ত মনে রাখে না, এই অঙ্গণে যারা বিরাজ করে জীবনের শেষ বেলায় পয়সার অভাবে কোনঠাসা বোধ করেন। সেই পরিস্থিতিতেই যেন আমরা এসে পৌঁছেছি। তারপরও বলবো, এমন কীর্তিমান শিল্পীদের যেন দেশের মানুষ মনে রাখেন।
— গাজী মাজহারুল আনোয়ার
জন্ম: ০২ জানুয়ারি, ১৯৫৩ — মৃত্যু: ২৩ মার্চ, ২০১৯
