মৃত নবজাতককে ড্রেনে ফেলতে গিয়ে রোষাণলে বাবা-মা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৬
খুলনায় মৃত এক নবজাতককে ড্রেনে ফেলতে গিয়ে স্থানীয়দের রোষাণলে পড়েছেন শিশুটির মা-বাবা। শিশুটিকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেয়া হচ্ছে ভেবে ওই নবজাতকের বাবা-মাকে আটক করে মারধরের চেষ্টা করে তারা। খবর পেয়ে পুলিশ এসে প্রকৃত ঘটনা জানার পর বিষয়টির সুরাহা হয়। পরে দাফনের জন্য পুলিশ নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে। শনিবার সকাল ১১টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডস্থ আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
 
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশীদ জানান, নগরীর আমতলা মোড় ও পুরাতন নির্বাচন কমিশন কার্যালয় সংলগ্ন গলির লুত্ফর রহমানের বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মো. মিন্টুর স্ত্রী তাসলিমা গত বৃহস্পতিবার একটি অপরিণত মৃত নবজাতকের জন্ম দেন। কিন্তু নবজাতকের জন্মের পরই তার মা তাসলিমার প্রচুর রক্তক্ষরণ হয়। মৃত নবজাতককে ঘরে রেখেই তাত্ক্ষণিকভাবে মিন্টু তার স্ত্রীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
শনিবার সকালে তারা হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসে। এরপর মৃত নবজাতককে কি করবে ভেবে উঠতে না পেরে বাড়ির পাশের ড্রেনে ফেলতে যায়। এ সময় এলাকাবাসী দেখে ফেললে বিপত্তি ঘটে বলে জানান এসআই হারুনুর রশীদ। ইত্তেফাক/এএম।