ছাত্রলীগ নেতা হত্যা: প্রধান আসামির আত্মসমপর্ণ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৫
 
লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান মুশফিক হত্যা মামলার প্রধান আসামি নাজিম উদ্দিন আত্মসমর্পণ করেছেন। শনিবার রাতে আদিতমারী থানায় তিনি আত্মসমপর্ণ করেছেন। 
 
আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) শাহীন আকতার জানান, শনিবার সন্ধ্যার দিকে নিজেকে নিজাম উদ্দিন দাবি করে একজন মুশফিককে হত্যা করার কথা জানায়। রবিবার নাজিম উদ্দিনকে লালমনিরহাট আদালতে ১৫৪ ধারায় জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হয়।
 
তিনি আরো জানান, নাজিম উদ্দিন লালমনিরহাটে একটি টেকনিক্যাল কলেজে লেখাপড়া করত। এসময় একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে মেয়ের বড়ভাই নাজিম উদ্দিনকে মারধর করেন। সেখান থেকে নাজিমকে মুশফিকুর রহমান মুশফিক ও তার বন্ধুরা উদ্ধার করেন। সেসময় নাজিমের কাছ থেকে তারা পাঁচ হাজার টাকা আদায় করেন। পরে তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করত মুশফিক ও তার বন্ধুরা। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে তিন বন্ধু টাকার জন্য সেতু বাজার এলাকায় নাজিম উদ্দিনের কাছে এসেছিল। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে মুশফিককে ছুরিকাঘাত করেন নাজিম। আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
 
শুক্রবার রাতে আদিতমারী থানায় নাজিম উদ্দিনসহ তিনজনের জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা আকতার হোসেন। 
 
ইত্তেফাক/এএসএস