মেহেরপুরের গাংনীতে পৃথক তিনটি স্থানে শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। রবিবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের এনায়েতের স্ত্রী হাজেরা খাতুন (৫৮), তার ছেলে আব্দুল মালেক (৪২), একই গ্রামের রফিকুলের স্ত্রী রোজিনা খাতুন (২৮), সাহারবাটি গ্রামের আশরাফ আলীর স্ত্রী হামেদা খাতুন (৪৮) ও রংমহল গ্রামের আব্দুর রশিদের ছেলে জিয়ারুল ইসলাম (৩২)। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, হাজেরা খাতুনের বাড়ির মূল গেট দিয়ে একটি শিয়াল ভিতরে প্রবেশ করে। তিনি একটি লাঠি দিয়ে শিয়ালটি তাড়াতে গেলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে বাঁচাতে তার ছেলে আব্দুল মালেককেও আক্রমণ করে।
ভোর বেলায় একই গ্রামের রোজিনা খাতুনের বাড়িতে প্রবেশ একটি মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল একটি শিয়াল। এ সময় লাঠি দিয়ে তাড়াতে গেলে তার শরীরের বিভিন্ন স্থান কামড়িয়ে ক্ষত বিক্ষত করে দেয়।
সকালে সাহারবাটি গ্রামের রাস্তায় হাটছিলেন হামেদা খাতুন। একটি শিয়াল তার ওপর ঝাঁপিয়ে পড়ে তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে পালিয়ে যায়। অপরদিকে রংমহল গ্রামে জিয়ারুল ইসলামের বাড়ি থেকে একটি হাঁস নিয়ে পালাবার সময় শিয়ালটিকে তাড়া করে সে। পরে শিয়ালটি তার হাত ও পায়ে কামড়িয়ে দিয়ে পালিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত ততা্ববধায়ক এহসানুল কবীর জানান, তারা আশঙ্কামুুক্ত। তবে শিয়ালের কামড়ে জলাতঙ্ক রোগ হতে পারে। এজন্য তাদের জলাতঙ্ক রোগের ভ্যাক্সিন দেয়া হবে।
ইত্তেফাক/এএসএস
