বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করতে প্রাণ-আরএফএল গ্রুপের সিলভান টেকনোলজিস লিমিটেডের সাথে সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক কোম্পানি এবিবি লিমিটেডের একটি চুক্তি সম্পন্ন হয়েছে।
বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং অটোমেশন প্রযুক্তিতে বিশ্বজুড়ে সমধিক পরিচিত একটি প্রতিষ্ঠান হলো এবিবি।
রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে ২৫ সেপ্টেম্বর, রবিবার প্রতিষ্ঠান দুটি ‘অরিজিনাল ইকুয়েপমেন্ট ম্যানুফ্যাকচারিং’ চুক্তিটি সম্পন্ন করে।
সিলভান টেকনোলজিস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান খান ও এবিবি লিমিটেডের মহা-ব্যবস্থাপক মোশফেক উল্লাহ রফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
মোস্তাফিজুর রহমান জানান, এবিবির সাথে এই ধরনের চুক্তি এটিই প্রথম। এবিবির কারিগরি সহায়তায় সিলভান টেকনোলজিস লিমিটেড বিশ্বমানের মিডিয়াম ভোল্টেজ টাইপ টেস্টেড প্যানেল ও প্যানেল সংক্রান্ত যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে।
তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী এসকল পণ্য দেশ ও বিদেশে বাজারজাত করতে পারবে সিলভান টেকনোলজিস। যৌথ এ পথচলা বাংলাদেশের ভোক্তাদেরকে উন্নতমানের বৈদ্যুতিক পণ্য ও সেবা দিতে পারবে বলে তিনি মনে করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণ এর পরিচালক ইলিয়াছ মৃধা, এবিবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হরিকিষান নারায়ন, সহকারী মহা-ব্যবস্থাপক আরিফুজ্জামান কায়সার, সিলভান টেকনোলজিস এর সহকারী মহা-ব্যবস্থাপক শাহাদাত হাসান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মেরাজ বিন মিজান।
ইত্তেফাক/এসএস
