আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াই আজ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

কাগজে-কলমে শক্তিমত্তার বিচারে আবাহনী ক্রীড়াচক্রের ধারে কাছেও নেই কোনো ক্লাব। জাতীয় দলের তারকা ক্রিকেটারে ঠাসা আবাহনীই এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সবচেয়ে শক্তিশালী দল। তাই বলে আবাহনী অজেয় নয়। লিগের পঞ্চম রাউন্ডেই প্রাইম ব্যাংকের কাছে হেরেছে ক্লাবটি।

আর আবাহনীর এই হারই আজ টোটকা হতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। কারণ এর বাইরে আবাহনীর বিরুদ্ধে ম্যাচটা মোহামেডানের জন্য পাহাড়সম চ্যালেঞ্জেরই নামান্তর। প্রিমিয়ার লিগে দুই দলের সর্বশেষ তিন সাক্ষাতের সবক’টিই জিতেছে আবাহনী। ২০১৭ সালে দুইবার ও ২০১৮ সালে একবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়েছিল আবাহনী।

প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ কমেছে, লড়াইয়ের জৌলুসও আগের মতো নেই। তারপরও দুই দলের ম্যাচটা এখনও ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এছাড়া আজ দিনের অপর দুই ম্যাচে ফতুল্লায় শেখ জামাল-গাজী গ্রুপ ক্রিকেটার্স, বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি পরস্পরের বিপক্ষে মাঠে নামছে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টায়।

গত কয়েক বছরের তুলনায় শক্তিধর দল গড়লেও টানা তিন ম্যাচ জেতার পর ছন্দপতন হয়েছিল মোহামেডানের। টানা দুই ম্যাচ হারের ধকল নিয়ে আজ আবাহনীর বিরুদ্ধে নামবে দলটি। রকিবুল হাসান, আশরাফুল, নাদিফ চৌধুরী, শফিউল, সোহাগ গাজীদের সঙ্গে আজ খেলবেন লিটন কুমার দাস। টানা চার ম্যাচ জেতার পর একটি হার দেখেছে আবাহনীও। মাশরাফি, সৌম্য, সাব্বির, মোসাদ্দেক, রুবেল, নাজমুল হোসেন শান্তরা আছেন আবাহনী শিবিরে। ইনজুরি কাটিয়ে আজ খেলার কথা সাইফউদ্দিনেরও। সবকিছু মিলে এটুকু নিশ্চিত, গত বছরের লিগের তুলনায় দু’দলের আজকের লড়াইটা জমজমাট হতে পারে। তবে সেক্ষেত্রে তারকা খচিত আবাহনীকে হারাতে হলে সামর্থ্যের সেরাটাই খেলতে হবে মোহামেডানকে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা করছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও। গতকাল বিসিবি একাডেমি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘আসলে সকালে প্র্যাকটিসে আসার পর মনে হয়েছে কাল (আজ) মনে হয় আবাহনী-মোহামেডান ম্যাচ। আবাহনী-মোহামেডান সবসময়ই শুনে আসছি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হয়। আমাদের টিম ভালো। মোহামেডানও টিম হিসেবে ভালো। একটা ম্যাচ হয়তো হারছি। তবে আমাদের দল খুব ভালো পজিশনে আছে। আমরা আসলে ওদের দিকে ফোকাস না করে ম্যাচের দিকে ফোকাস করছি।’

বড় ম্যাচ, মর্যাদার লড়াই না ভেবে আর দশটা ম্যাচের মতোই প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছেন মোহামেডানের কোচ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। আজ দল হিসেবে মাঠে পারফর্ম করার দিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। গতকাল মোহামেডানের শক্তির জায়গা সম্পর্কে বলতে গিয়ে মঞ্জু বলেছেন, ‘আবাহনীর বিপক্ষে দল হিসেবে যদি খেলতে পারে, তাহলে সেটাই হবে আমাদের শক্তির জায়গা।’

টানা দুই ম্যাচ হারলেও সেসব ভুলে যেতে চান মোহামেডান কোচ। গতকাল তিনি বলেছেন, ‘পেছনে ফিরে তাকালে দলের জন্য ভালো হবে না। আমাদের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। পরে নিচের দিকে নেমেছে। কালকের (আজ) ম্যাচটা আসলে গ্রাফ তৈরি করে দিবে না। পুরো টুর্নামেন্টের জন্য মাইলফলক হবে ম্যাচটি। এটা অবশ্যই চ্যালেঞ্জ। আমরা ম্যাচ বাই প্ল্যান করছি। পেছনের ম্যাচগুলো অতটা সমস্যা তৈরি করবে না।’