রাজধানীর ইএমকে সেন্টারে শনিবার বিকালে বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরামের আয়োজনে ‘টেক মিটআপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম গঠিত হওয়ায় তিনি অত্যন্ত খুশি। এধরনের ফোরাম দেশের আইটি ইন্ডাস্ট্রিতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, আজকের তরুণরাই আগামী দিনে দেশ গড়বে। তরুণ সমাজ যত বেশি ইনোভেটিভ চিন্তা করবে দেশের পরিবর্তনে তত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইনোভেটিভ চিন্তা নিয়ে সামনে এগোনো অনেক সহজ। যে যেখানে নিজেকে উপযুক্ত মনে করে সেই বিষয় নিয়েই তার কাজ করা উচিত।
তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানান, যেন তারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে নিজের জন্য এমন কিছু করে যা দেশের কাজে লাগবে।
সেমিনারে প্রধান বক্তা উপস্থিত ছিলেন ‘জুমশেপার’ এর প্রতিষ্ঠাতা এবং সিইও কাওসার আহমেদ। আইটি বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আইটি উদ্যোক্তা হিসেবে কিভাবে সফলতা পাওয়া যেতে পারে এ বিষয়ে নিজের অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনামূলক বিভিন্ন কথা বলেন কাওসার আহমেদ, যিনি আইটি বিষয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জুমলা টেম্পলেট কোম্পানি ‘জুমশেপার’। তিনি আইটি উদ্যোক্তা হওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আয়োজক হিসেবে ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ ও ‘স্পেস অ্যাপ্স বাংলাদেশ’ এর প্রধান আরিফুল হাসান অপু বলেন, ‘আইটি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমাদের দেশের তরুণরা যেসব চরাই উৎরাইয়ের সম্মুখীন হয় সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া এবং সেগুলো কিভাবে অতিক্রম করা যায় এ বিষয়ে তাদের দিক নির্দেশনা দেয়া এধরনের কার্যক্রমের প্রধান উদ্দেশ্য।’
তিনি জানান ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ সারাদেশে এ ধরনের অনুষ্ঠান করবে। এই কার্যক্রম অংশগ্রহণকারীদের আইটি বিষয়ে ইনোভেটিভ আইডিয়াগুলোকে এগিয়ে নিতে সহায়তা করবে।
এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল স্পেস অ্যাপ্স বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিজম ইআরপি এবং ইএমকে সেন্টার।
