অ্যাশেজের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। আগামী এক আগস্ট বার্মিংহাম ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচ টেস্টের অ্যাশেজ। গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেংকারির দায়ে এক বছরের নিষেধাজ্ঞা থাকায় ১২ মাস যাবত্ লঙ্গার ভার্সনের বাইরে আছেন ২৯ বছর বয়সী স্মিথ। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর আগামী ২৯ মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তার কোনো বাধা থাকবে না। জানা গেছে, মিডলসেক্স, সারে, নটিংহামশায়ার, হ্যাম্পশায়ার এবং ইয়র্কশায়ার সংক্ষিপ্ত চুক্তির জন্য তাকে প্রস্তাব দিয়েছে। তবে কোনো প্রস্তাব তিনি গ্রহণ করেছেন কিনা তা নিশ্চিত নয়। আগামী বিশ্বকাপে স্মিথের অংশগ্রহণের বিষয়টি মাথায় রেখেই চুক্তির বিষয়টি বিবেচনা করতে হবে। টুর্নামেন্ট শুরু হবে ৩০ মে এবং অস্ট্রেলিয়া দল যদি ফাইনালে ওঠে তবে ১৪ জুলাই পর্যন্ত ব্যস্ত থাকবেন স্মিথ। তিনি কেবল তারপরই খেলতে পারবেন।
