বাঘাইছড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৪
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
 
রবিবার দুপুর ৩টার দিকে উপজেলার গচ্ছাবিলে সন্ত্রাসীদের গোপন আস্থানা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, সামরিক পোশাক ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
 
বাঘাইহাট সেনা জোন কমান্ডার লে. কর্নেল. আলী হায়দার সিদ্দিকীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলি থেকে তিন কি.মি দূরে অবস্থিত গচ্ছাবিল গ্রামের সন্ত্রাসীদের আস্তানা হিসাবে ব্যবহৃত একটি বাড়ি ঘেরাও করে। বাড়িটির আশেপাশে আরো অনেক বাড়ি থাকায় সেনাবাহিনীকেও অপারেশন চালাতে সতর্কতা অবলম্বন করতে হয়। সন্ত্রাসীরা সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।
 
এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অটোমেটিক একে-২২ সাব মেশিনগান রাইফেল, দুটি এসবিবিএল রাইফেল, একটি পয়েন্ট টু-টু বোর রাইফেল, কমব্যাক্ট জ্যাকেট একটি, জলপাই রংয়ের পোশাক একসেট, কয়েকটি পরিচয়পত্র, মোবাইল ফোনসেট, তিনটি ধারালো দাসহ কয়েকটি পরিচয়পত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি