স্পোর্টস রিপোর্টার
ফিফার র্যাংকিংয়ে ফিলিস্তিন ১০০ নম্বরে এবং বাংলাদেশ ১৯২ নম্বরে রয়েছে। অনূর্ধ্ব-২৩ ফুটবলের গ্রুপ পর্বের বাছাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিলিস্তিন ৯-০ গোলে জিতেছিল। সেই শক্তিশালী দল ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ হেরেছে মাত্র ১-০ গোলে। হারতো হারই ৯ গোলেও হার, ১ গোলেও হার। তারপরও বাংলাদেশের ফুটবলাররা ভালো খেলেছে। ফিলিস্তিনকে বড় ব্যবধানে জিততে দেয়নি। ২ হারে গ্রুপ পর্ব হতে বিদায় বাংলাদেশের। এএফসি কাপের এই বাছাই হতে প্রত্যেক গ্রুপ চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বে উঠবে। গ্রুপ সেরা রানার্সআপ হলে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগও থাকবে। সেই সুযোগ বাংলাদেশ পাবে কিনা তা বলা কঠিন। কারণ দুই ম্যাচ হেরে এখন বাংলাদেশের সামনে সব সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল।
গতকাল রাতে বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে সাড়ে ৮ হাজার দর্শক গিয়েছিলেন খেলা দেখতে। তাদের মধ্যে প্রায় সবই বাংলাদেশি প্রবাসী। ২২ মিনিটে আচমকা একটা গোল হজম করে বাংলাদেশ। ফিলিস্তিনিদের আক্রমণের চাপে মাঝমাঠের নিচে চলে বাংলাদেশের সব ফুটবলার। ফিলিস্তিনের হানি আব্দুল্লাহ সবার মাথার ওপর দিয়ে দূর হতে আচমকা শট করেন। সেই বল খুব সহজেই বাংলাদেশের জালে ঢুকে যায় ১-০। বাংলাদেশের গোলকিপার পাপ্পু হোসেন অসতর্ক ছিলেন। আচমকা বল আসতে পারে সেই ধারণাও ছিল না। গোলকিপারের দোষেই কাল প্রথমার্ধ গোল হজম করে পিছিয়ে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম খেলায় বাংলাদেশ বাহরাইনের কাছে ১-০ গোলে হেরেছিল। সেই ম্যাচে দারুণ খেলেছিলেন গোলকিপার জিকো। গতকাল তাকে সেরা একাদশ রাখেননি কোচ। বি গ্রুপে শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ : পাপ্পু হোসেন, সুশান্ত, বিশ্বনাথ, রিয়াদুল, রহমত মিয়া, টুটুল, রবিউল, জনি (অধিনায়ক), বিপলু আহমেদ, সুফিল, আলামিন।
