ড্রতে উদ্বিগ্ন নন ব্রাজিল কোচ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৪৫

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেইমার-ভিনিসিয়াস বিহীন ব্রাজিল। তবে দলের কোচ তিতে জানালেন এতে মোটেও উদ্বিগ্ন নন তিনি।

ডান পায়ের মেটাটার্সাল হাঁড়ে চোট নিয়ে জানুয়ারি থেকেই মাঠের বাইরে নেইমার। এদিকে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়া রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসও চোটের কারণে ছিটকে যান দল থেকে। অগত্যা মাত্র দুইটি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন ফরোয়ার্ড লুকাস পাকুয়েতার হাতে দারুণ মর্যাদার দশ নম্বর জার্সিটি তুলে দেন কোচ তিতে।

ম্যাচের ৩৪ মিনিটে গোল করে কোচের আস্থার দারুণ প্রতিদানও দেন এসি মিলানের এই ফরোয়ার্ড। তবে এর মিনিট দুয়েক পরেই পানামার আদলফো মাকাদো গোল করলে সমতা ফেরে ম্যাচে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি কোটিনহোরা। ফলে কোচ তিতেকে সন্তুষ্ট থাকতে হয় ১-১ গোলের ড্র নিয়েই। 

জুনে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে নিখুঁত এক দল নিয়ে যাওয়ার লক্ষ্যে দলের প্রতিটি খেলোয়াড়কে বাজিয়ে দেখছেন ব্রাজিল কোচ। তাই অপেক্ষাকৃত দুর্বল দল পানামার বিপক্ষে এমন ড্রতেও চিন্তিত নন। তিতের ভাষায়, ‘আমরা এই পর্যায়ে জিতে কী প্রতিষ্ঠা করবো? তার চেয়ে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়ায় মনোযোগ দিয়েছিলাম আমরা।’

তবে এই ড্রতে উদ্বিগ্ন না হলেও সন্তুষ্ট হতে পারেননি তিতে। তিনি বলেন, ‘এটা একটা বাজে ফলাফল এবং প্রথমার্ধ আমাদের প্রত্যাশার চেয়ে অনেক নিচুমানের ছিলো। প্রথমার্ধের পর আমরা কিছু পরিবর্তন এনেছিলাম। বিরতির সময় সমস্যাগুলোকে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলাম আমরা। তারপরই স্বাভাবিক খেলাটা খেলতে সক্ষম হয়েছি।’

তরুণদের সুযোগ দেয়ার কারণে এই অবস্থাকে ‘স্বাভাবিক’ বলেই দেখছেন তিনি। ব্রাজিল কোচের ভাষ্যমতে, ‘এটা স্বাভাবিক। আজ আমাদের রক্ষণে ছিলো মিলিতাও ও তেলেস। আমরা এমন অবস্থায়ই আছি এখন।’

তিনি আরো বলেন, ‘যখন আমরা কোপা আমেরিকায় যাব, আরো ভালো পারফর্ম করতে আমরা উপযুক্ত খেলোয়াড়দেরই নির্বাচন করব। আরো সৃজনশীল খেলার প্রত্যাশা ছিল আমার। ফরোয়ার্ডদের আরো সৃষ্টিশীল করার লক্ষ্যে এই পরিবর্তনগুলো আনতে হয়েছিলো আমাকে।’

সমর্থকদের এখনই ধৈর্য না হারানোর পরামর্শ দিলেন তিতে। তিনি বলেন, ‘সমর্থকদের কাজই শোনা, বুঝা এবং মনমতো ফলাফল না এলে বিরক্তি প্রকাশ করা। সাধারণত এমনই হয়। যদি আমি ভক্ত হতাম তাহলে পানামার বিপক্ষে জিততেই চাইতাম। কিন্তু দল গোছানোর ব্যাপারটার সাথে সাথে আমাদেরকে বর্তমান অবস্থাও বুঝতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা উদীয়মান খেলোয়াড়দের সুযোগটা বাড়াতে চাই, কেননা অচিরেই আমরা আর কিছু করার সুযোগ পাব না।’