লালমনিরহাট প্রতিনিধি
পথেঘাটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়রানির শিকার মেয়েদের আত্মরক্ষার পরিবর্তে প্রতিরোধ ভাবনায় কৌশল হতে পারে মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বেসরকারি সংস্থা রূপান্তরের প্রশিক্ষণ সহযোগিতায় এ উপজেলার ২৫টি উচ্চ বিদ্যালয়ের মেয়েদের কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলার কেতকীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তাদের কারাতে প্রশিক্ষণের প্রস্তুতি চলছে। কথা হয় প্রশিক্ষণের দলপতি রাবেয়া বাসরী হিমুর (১০ম শ্রেণি) সঙ্গে। তিনি বলেন, ‘রূপান্তর থেকে প্রথমে আমাদের ২৫ জনকে প্রশিক্ষণ দিয়েছে। এর পর আমরা প্রশিক্ষণ নিয়ে আমাদের বিদ্যালয়ের মোট প্রায় চারশ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছি। এ প্রশিক্ষণ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। বিদ্যালয়ে আসা যাওয়া করতে অনেক ছেলে বিভিন্ন ধরনের কথা বার্তা বলতো, ইভটিজিং করতো। সে সময়ে কিভাবে আমরা নিজেকে আত্মরক্ষা করব, প্রতিরোধ করব এবং অভিযোগ কোথায় জানাবো এ সব বিষয় আমরা এখন জেনেছি এ প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ এর মাধ্যমে।’ এ কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ বিষয়ে কেতকীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আব্দুস সালাম বলেন, রূপান্তর-এর সহযোগিতায় এ বিদ্যালয়ের ২৫ জন মেয়েকে তারা কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ দেয়। পরবর্তীতে বাকি শিক্ষার্থীদের আগ্রহের কারণে এ ২৫ জনই আবার আমার অনুমতিতে প্রায় চারশ শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দিচ্ছে। সংশ্লিষ্টদের দাবি এ প্রশিক্ষণের ফলে আগে বিদ্যালয়ে আসার পথে শিক্ষার্থীদের বখাটে ছেলেদের বিভিন্ন কথার সম্মুখীন হতে হলেও এখন সেসব বন্ধ হয়েছে। হাতীবান্ধা রূপান্তরের এরিয়া অফিসের প্রকল্প সমন্বয়কারী মস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা এ উপজেলায় প্রায় অনেক বিদ্যালয়ে বালিকাদের মাঝে এ কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ দেয়ার চেষ্টা করছি। যার কারণে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। তারা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে ইভটিজিংসহ বিভিন্ন যৌন হয়রানিমূলক আচরণ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং প্রতিরোধসহ কিভাবে আইনের আশ্রয় ও অভিযোগ জানাতে পারে সেই বিষয়ে আমাদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
