সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু গ্রেফতার, ৬ জেলে উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৬
সুন্দরবনে র‌্যাবের চলমান বিশেষ অভিযানে বনদস্যু সাগর বাহিনীর এক সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
 
এ সময় তাদের হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে  নগরীর লবণচরাস্থ র‌্যাব-৬-এর সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
 
এর আগে সুন্দরবনে ২৫ ঘণ্টা অভিযান ও বনদস্যুদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের ঘটনার পর গত রবিবার রাতে অস্ত্রসহ বনদস্যু সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বনদস্যু মো. শাজাহান মোল্লা (৩৫) খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের মৃত কাউসার মোল্লার ছেলে।
 
প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে গত রবিবার স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে একটি দল খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের মারকি খাল, মাঝাফুটো, কালাবগি এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কালাবগি টহল ফাঁড়ি এলাকার ভদ্রা নদী সংলগ্ন মনসা খালের মুখে ছোট শাখার মোহনায় দক্ষিণ-পশ্চিম পাড়ে বনদস্যুদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়। সেখানে চার বনদস্যু ৬ জেলেকে নিয়ে মুক্তিপণের টাকার জন্য অপেক্ষা করছিলো। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।
 
এক পর্যায়ে বনদস্যুরা জেলেদের রেখে পালিয়ে যায়। এ সময় বনদস্যু মো. শাহজাহান মোল্লাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি পয়েন্ট টুটুবোর কাটা রাইফেল, একটি বন্দুক, একটি সাটারগান, একটি রামদা, ২৪ রাউন্ড গুলি, চারটি এমটি কার্টিজ, দুটি নৌকা এবং অপহৃত ৬ জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দাকোপ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি