স্পেন-ইতালির শুভসূচনা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৪৭

ইউরো ২০২০ বাছাই

স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী স্পেন ইউরো ২০২০ বাছাইয়ের প্রথম ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছে। প্রতিযোগিতার অন্য ম্যাচে ইতালি ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে। স্পেন নিজেদের মাঠ মেস্তায়ায় এফ গ্রুপের ম্যাচটির শুরু থেকেই নরওয়ের উপর চাপটা ধরে রেখেছিলো। রদ্রিগো মোরেনোর গোলে ১৭তম মিনিটে এগিয়ে যায় তারা। ৬৫ মিনিটে সফরকারী ফরোয়ার্ড জশ কিং গোল করলে সমতা ফেরে ম্যাচে। এমন অবস্থায় দলের ত্রাতারূপে আবির্ভূত হন সার্জিও রামোস। ৭১ মিনিটে  পেনাল্টি থেকে গোল করে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়েন স্পেন অধিনায়ক।  এদিকে বাছাইপর্বের জে গ্রুপের ম্যাচে জয়ী সূচনা করেছে সাবেক ইউরোজয়ী ইতালিও। নিজেদের মাঠে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। গোল দুইটি এসেছে তরুণ দুই ফুটবলার নিকোলো বারেলা ও মইসে কিনের পা থেকে।

দলের দ্বিতীয় গোলটি করে ইতালির হয়ে অভিষেকেই গোল করা সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান কিন।