বঙ্গবন্ধুকে কটূক্তি করায় কুমিল্লার আদালতে মামলা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
 
সোমবার জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম কুমিল্লার ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন।
 
মামলায় জামায়াত নেতা মজিবুর রহমান মুন্সি, আলাউদ্দিন শিকদারসহ ২৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। ৪নং আমলী আদালতের বিচারক বিপ্লব দেবনাথ মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। 
 
মামলার বিবরণে জানা গেছে, যুদ্ধাপরাধী রাজাকার আলবদর কমান্ডার জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির পর গায়েবানা জানাযার আয়োজন করে রাজামেহের ইউনিয়নের কতিপয় জামায়াত নেতা কর্মী।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গায়েবানা জানাযা শুরুর আগে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি বেশ কয়েকজন জামায়াত নেতা। জামায়াত-শিবির নেতারা বঙ্গবন্ধুকে হিন্দু ও তার জানাযা নিয়ে কটূক্তি করে। 
 
এদিকে এ ঘটনার প্রতিবাদে সম্প্রতি রাজামেহের ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের লোকজন প্রতিবাদ সমাবেশ করে।