পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হুমকি

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৪৯

বিশ্বপ্রবাহ ডেস্ক

 

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্রুত, দীর্ঘমেয়াদি ও প্রমাণসাপেক্ষ ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ আরো বাড়াল আমেরিকা। বিষয়টিকে লঘু করে দেখলে পাকিস্তানকে যে তার মূল্য দিতে হবে, সে ব্যাপারেও সম্প্রতি সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আবারো যদি সন্ত্রাসবাদীরা ভারতের উপর আঘাত হানে আর জইশ-ই মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসবাদীরা তবে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না। এই সংগঠনগুলোর বিরুদ্ধে যদি কোনো দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ পদক্ষেপ করতে না পারে ইসলামাবাদ, তাহলে পাকিস্তানের পক্ষে পরিস্থিতিটা অত্যন্ত জটিল হয়ে উঠবে। কারণ, আমেরিকা চায় না, কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাক।’

ওয়াশিংটন কী চাইছে, তা স্পষ্ট করে দিয়ে হোয়াইট হাউস বলেছে, ‘যেটা সকলেরই কাম্য তা হলো, নিজেদের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকা জইশ ও লস্কর জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ ব্যবস্থা নিক ইসলামাবাদ। আর সেটা হোক প্রমাণসাপেক্ষ। কারণ, পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলোকে পুরোপুরি নির্মূল করা প্রয়োজন। এদের খাইয়ে-দাইয়ে বড় করে তোলার পেছনে পাকিস্তান কোনো যুক্তি দেখাতে পারবে না। তাই তাদের দেখা উচিত সেখানে যেন ঘাঁটি না গাড়তে পারে সন্ত্রাসবাদীরা।’ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ইমরান সরকারের চালানো অভিযানে যে ওয়াশিংটন সন্তুষ্ট নয়, তা বুঝিয়ে দিয়ে হোয়াইট হাউস বলেছে, ‘যা যা হয়েছে, সেই সবই খুব প্রাথমিক স্তরের। জনাকয়েক জঙ্গির ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। জইশের কয়েকটি ঘাঁটির উপর সরকারি কর্তৃত্ব কায়েম করেছে ইসলামাবাদ। এই টুকুই। কিন্তু আমরা আরো কিছু সদর্থক ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা দেখতে চাইছি। কারণ, আমরা দেখেছি, আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, কিছু দিন পর তারা ছাড়াও পেয়ে  গেছে। তাদের পাকিস্তানে নানা জায়গায় ঘুরতেও দেওয়া হচ্ছে। জনসমাবেশে ভাষণও দিতে দেওয়া হচ্ছে।’

এর ফলে যে ইসলামাবাদকে ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, ঋণের বোঝা হাল্কা করার ব্যাপারে ইসলামাবাদ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে যে আবেদন জানাচ্ছে, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অনীহা থাকলে, তা মেনে নেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেবে।