পাবনার সুজানগরের খাল-বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবাধে পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে । সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ কারেন্ট, বেড় ও খরা জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন করায় উপজেলার খাল বিল মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, উপজেলায় ঐতিহাসিক গাজনার বিল, মতিয়ার বিল এবং বিল গন্ডহস্তিসহ ছোট বড় ৮/১০টি বিল রয়েছে। প্রতি বছর বর্ষার মৌসুমে ওই সকল বিলে সরকারিভাবে লাখ লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়। তাছাড়া বিলগুলোতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে মাছ উত্পাদিত হয়। কিন্তু প্রত্যেক বছর বিলে নতুন পানি আসামাত্র উপজেলার বেশকিছু চিহ্নিত অসাধু মত্স্যজীবী ও মত্স্য শিকারী নিষিদ্ধ কারেন্ট, বেড় ও খরা জাল নিয়ে বিলে ঝাঁপিয়ে পড়ে। তারা স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বর্ষা মৌসুমব্যাপী নিষিদ্ধ ওই জাল দিয়ে বিল থেকে অবাধে পোনা ও মা মাছ নিধন করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করে।
বিলপাড়ের লোকজন জানান, ওই সকল মত্স্যজীবী ও মত্স্য শিকারীরা স্থানীয় সুফলভোগীদের সাথে যোগসাজশে প্রতিদিন দুপুরে, সন্ধ্যা রাতে এবং ভোর রাতে ওই মাছ নিধন করে। উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে মাঝে মধ্যে বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও তাতে কোনো ফল হচ্ছে না। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আসার আগেই মত্স্যজীবীরা ওই সকল সুফল ভোগীর মাধ্যমে খবর পেয়ে বিল থেকে সটকে পড়ে। ফলে তারা অভিযান চালালেও কাজের কাজ কিছুই হয় না। তবে এলাকার সচেতন মহল মনে করেন মত্স্য বিভাগ নিষিদ্ধ কারেন্ট, বেড় ও খরা জাল বন্ধে কার্যকর পদক্ষেপ নিলে অবশ্যই তা বন্ধ হয়ে যাবে। এব্যাপারে উপজেলা মত্স্য কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ইত্তেফাক/এএন
