সিরাজগঞ্জের এনায়েতপুর হাটে পঞ্চাশোর্ধ এক ভিক্ষুকের কাছ থেকে বস্তা ভরা টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। থানায় ১০ জনের একটি টিম ৩ ঘণ্টা গুণে এ টাকার হিসেব কষেছেন ৩৮ হাজার ৬৮০ টাকা।
এলাকাবাসী ও থানা পুলিশ জানান, এনায়েতপুর হাটের আমতলা মোড়ের জোচনের চায়ের দোকানের কোণায় আবর্জনা মাখা বস্তা নিয়ে মাঝে মাঝেই অবস্থান করতো গায়ে কম্বল জড়ানো এক বৃদ্ধা। সাথে থাকতো ময়লা মাখা একটি পাটের বস্তা। যা বহন করেই সে চলাফেরা করতো এনায়েতপুর হাট, কেজির মোড়সহ বিভিন্ন এলাকায়। গত রবিবার বিকেলে হঠাত্ বস্তাটি জোচনের চায়ের দোকানের কোণায় রেখে বের হলে কৌতূহলী লোকজন বস্তাটি আংশিক খুললে মোচড়ানো অনেক টাকা দেখতে পান। মুহূর্তের মধ্যেই তা দেখতে লোকজন ভিড় করে। পাশে থাকা এনায়েতপুর থানার এসআই মেহেদী হাসান ছুটে এসে টাকার বস্তাটি স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা চত্বরে টাকার বস্তাটি পরিপূর্ণভাবে খোলা হলে তার মধ্যে শতাধিক পলিথিনে জড়ানো টাকা পয়সা মাটিতে ঢালা হয়। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে টাকার বস্তা দেখার জন্য থানা গেটে শত-শত মানুষ ভিড় জমায়। পরে থানায় ১০ জনের একটি টিম ৩ ঘণ্টা গুণে এ টাকার হিসেব কষেছেন ৩৮ হাজার ৬৮০ টাকা।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, টাকা উদ্ধারের পর থেকে ওই ভিক্ষুককে আর এলাকায় দেখা যাচ্ছে না। বর্তমানে টাকাগুলো জিডি করে থানা হেফাজতে রাখা হয়েছে। মানসিক ওই বৃদ্ধা নারী বা তার নিকট কাউকে পেলে টাকাগুলো তুলে দেওয়া হবে।
ইত্তেফাক/এএন
