নয়াপল্টনে হামলা ও অগ্নিসংযোগ

রিমান্ড শেষে নিপুণ রায়সহ সাতজন কারাগারে

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:৩৯

রাজধানীর নয়াপল্টনে মনোনয়ন ফরম কেনার সময় সংঘর্ষ ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন আদালত। অন্য আসামিরা হলেন, ইউনুস মৃধা, আবুল হাশিম সবুজ, মামুন অর রশিদ, আরিফা সুলতানা রুমা, আমির হোসেন ও মোহসিন মিয়া। গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।

৫ দিন রিমান্ড শেষে গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম। আদালতে নিপুণের বাবা অ্যাডভোকট নিতাই রায় চৌধুরীসহ অন্য আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। পরে আদালত জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সংঘর্ষের ঘটনায় করা মামলায় ১৫ নভেম্বর সন্ধ্যায় পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

রিমান্ডে রয়েছেন আরো ৬ জন

ঢাকার ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী মোহাম্মদ এইচ কে হোসেন আলী, শাজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস আলী, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক জাকির হোসেন, ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি মাহবুবুল আলম। গতকাল ছিল তাদের রিমান্ডের দ্বিতীয় দিন।