দুর্গাপূজায় নতুন পোশাক না হলে শিশুদের উত্সবের আনন্দটাই নষ্ট হয়ে যায়। পূজাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বুটিক ও শপিংমলে ঘটেছে শিশুদের পোশাকের বর্ণিল সমারোহ, যা চোখে পড়ার মতো। শিশুদের বর্ণিল পোশাকের কথা জানাচ্ছেন মুন ইসলাম।
দেশীয় ফ্যাশন হাউসগুলোও সেজেছে পূজার রঙে। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের জন্যও তারা ডিজাইন করেছে নানা ধরনের পোশাক। আরামের পাশাপাশি রঙের বর্ণিলছটা খুঁজে পাবেন এবারের ছোটদের পোশাকে। ফ্লোরাল মোটিফের ফ্রক, নানা নকশার ঘাগরা, সালোয়ার-কামিজ রয়েছে ছোট মেয়েদের পোশাকের তালিকায়। আর ছেলেদের জন্য রয়েছে মজার মজার সব থিম নিয়ে শার্ট ও অন্যান্য পোশাক। নবজাতক থেকে শুরু করে ১৩-১৪ বছর বয়সী শিশুদের জন্য বিভিন্ন ফ্যাশন হাউস নিয়েছে উত্সবের প্রস্তুতি।
ছোটদের এবারের পোশাকের কাপড়গুলোও তাদের ত্বক-উপযোগী করা হয়েছে। বিশেষ করে সুতি, হাতে বোনা কাপড়, অ্যান্ডি, শিফন ও সিল্কের ওপর করা হয়েছে এবারের পোশাক। ছোটদের পোশাকের ক্ষেত্রে এবার আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। মেয়েদের স্কার্ট, ফ্রক, ফতুয়াগুলো একটু লম্বা গড়নের করা হয়েছে। কাপড় হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে সুতিকে, যাতে দুপুরের গরমে ঘামটা শুষে নেয়। মেয়েদের ফ্রকের সঙ্গে এবার লেগিন্সটাও চলছে বেশ। ফ্রকের রঙের নকশার সঙ্গে রঙ মিলিয়ে করা হয়েছে লেগিন্সগুলো। ছেলেদের জন্য রয়েছে চেক ও স্ট্রাইপের শার্ট, ডেনিম প্যান্ট ও জিন্স প্যান্ট ইত্যাদি। এবার ছোটদের পোশাকে রঙের বাহারও চোখে পড়ার মতো।
বাচ্চারা রঙিন পোশাকটাই বেশি পছন্দ করে। বিষয়টি মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো সাজিয়েছে শিশুদের পোশাকের পসরা। ১ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের চমত্কার ডিজাইনের সব পোশাক এসেছে বাজারে। ফুল, ছাপা, লেইস আর হালকা এমব্রয়ডারি মিলিয়ে সেজে উঠেছে মেয়েদের পোশাকগুলো। ছেলেদের পোশাকেও দেখা গেছে বৈচিত্র্য। সাদা-কালোর পাশাপাশি লাল, হলুদ, নীল ও সবুজের ওপর বাচ্চাদের পছন্দের কার্টুন চরিত্রগুলো শোভা পাচ্ছে। তবে নবজাতকের পোশাকের ক্ষেত্রে করা হয়েছে খুব হালকা কারুকাজ; যাতে পোশাকটি আরামদায়ক হয়। মেয়েদের সুন্দর পোশাক পেতে হলে যেতে পারেন রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, অরচার্ড পয়েন্ট, মেট্রো শপিংমল, গুলশান, বনানীর বিভিন্ন মার্কেটের ফ্যাশন আউটলেটগুলোতে। লাল, নীল ও হলুদ ইত্যাদি জমকালো রঙ আর ছাপার নকশা সব মিলিয়ে বেশ জমকালো আয়োজন বলা যায়। সুতি, অ্যান্ডি, শিফন, সিল্ক ও নেটের কাপড়ে শুধু মেয়ে শিশুদের জন্য রয়েছে বর্ণিল সব পোশাক।
IMG0
এবারের দুর্গাপূজার শিশুদের পোশাক প্রসঙ্গে রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘সময়কে রাঙানোর ঐকান্তিক ব্রতে রঙ থেকেই আজকের রঙ বাংলাদেশ। সেই মানসেই এগিয়ে চলেছে বাংলাদেশের এই ফ্যাশন ব্র্যান্ড। পোশাক আর অনুষঙ্গে রাঙাচ্ছে সব বয়সীদের। শিশুতোষ লাইন নিয়ে রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড রঙ জুনিয়র এই প্রয়াসেই নামান্তর। রঙ বাংলাদেশের ব্রান্ড ইমেজের সঙ্গে সঙ্গতি রেখেই রঙ জুনিয়রের শারদ আয়োজন বাজারে আনা হয়েছে। পাশাপাশি সচেতনভাবে মাথায় রাখা হয়েছে সববয়সী বাচ্চাদের স্বাস্থ্য ও ত্বকবান্ধব পোশাক উপহার দেওয়ার বিষয়টি। এর সঙ্গে আরও নিশ্চিত করা হয়েছে কাপড় ও ব্যবহূত উপকরণের গুণগতমান, আরাম ও সহজ ব্যবহার উপযোগিতা। শিশুদের জন্যই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে রঙ জুনিয়রের কালেকশন। প্রতিটি পোশাক তাই দৃষ্টিনন্দন, সময়োপযোগী আর ফ্যাশনেবল। আসছে পূজার জন্যই বিশেষ কিছু মোটিফকে নিয়ে নকশা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পদ্ম, শঙ্খ, ত্রিশূল, চক্র, ওম ও বেলপাতা।’
তিনি আরও বলেন, ‘পুরো কালেকশনই করা হয়েছে বিভিন্ন ধরনের সুতি কাপড়ে। নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট, মেশিন ও হ্যান্ড এমব্রয়ডারিসহ অন্যান্য ভ্যালু অ্যাডেড মিডিয়া। লাল, সাদা আর অফহোয়াইট এই তিন রঙের সঙ্গে সহকারী রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে হলুদ, গেরুয়া, কমলা, ম্যাজেন্টা ও স্বর্ণালি হলুদ। রঙ জুনিয়রের সম্ভারে মেয়ে শিশুদের জন্য রয়েছে ফ্রক, থ্রি-পিস, শাড়ি, সিঙ্গল কামিজ, স্কার্ট, টপস ও ধুতি-কুর্তি। আর শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ধুতি ও পাঞ্জাবি আছে ছেলেদের জন্য।’
