বগুড়ায় নরসুন্দর হরিদাস হত্যা মামলার রহস্য উন্মোচিত হয়েছে ।
মুখোশধারী ছিনতাইকারীদের চিনে ফেলায় হরিদাসকে গলাকেটে হত্যা করে ৪ ছিনতাইকারী । এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করার পর আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের নিশিন্দারা মণ্ডল পাড়ার আব্দুর রহমানের ছেলে পান্না (২৫), গোদারপাড়া বাজার এলাকার জালাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আকবাটি গ্রামের জহুরুওেলর ছেলে ভবিষ্যত ওরফে রনি (২০) ।
মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেন এসব তথ্য জানান ।
তিনি আরো জানান, জানান, গত ৩ সেপ্টেম্বর হরিদাসকে হত্যার পর তার স্ত্রী কুন্তি রানী বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় বগুড়া পিবিআই। এ ঘটনায় পান্না, জনি, ও ভবিষ্যত ওরফে রনি নামের ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পিবিআই। প্রথমে জনিকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশের ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়াও হরিদাসের মোবাইল ফোন ও বাইসাইকেল উদ্ধার হয়েছে ।
ইত্তেফাক/ইউবি
