চকরিয়ায় বজ্রপাতে নিহত ১

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৭
 
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে বেলাল উদ্দিন (৩৮) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে ক্ষেতে চাষের কাজ করার সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। তাত্ক্ষনিক স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের পর স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত বেলাল চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম বাটাখালী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
 
চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশিরুল আইয়ুব বলেন, সিএনজি চালক বেলাল উদ্দিন মঙ্গলবার বিকাল আনুমানিক তিনটার দিকে বাড়ির উঠানে সিএনজি গাড়িটি রেখে বাড়ির পাশে জমিতে ক্ষেতের কাজ করতে যান। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সাথে প্রায় ৩০ মিনিট বজ্রপাতের ঘটনা ঘটে। কাউন্সিলর বলেন, এরই মধ্যে বজ্রপাতের শিকার হন বেলাল।