অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হল। ঘোষণা করা হল মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসিল। নাগরিকরা ফিরে পেলেন তাদের ভোটাধিকার। এদিকে মঙ্গলবার রাতে তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়।
গেল ৩০ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন জেলার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দেশের কয়েকটি পৌরসভার মত সীমানা জটিলতার মামলায় আটকে যায় মেহেরপুর পৌরসভার নির্বাচন। অভিযোগ রয়েছে আমদহ ইউনিয়ন ও পৌরসভার সীমানা নিয়ে হাইকোর্টে মামলার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন থমকে যায়।
এদিকে মঙ্গলবার রাত ৮ টার দিকে ই-মেইলে উপ-সচিব ফরহাদ আহম্মেদ খাঁন স্বাক্ষরিত তফসিলের কপি পৌঁছায় মেহেরপুর নির্বাচন অফিসে। তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ৮ অক্টোবর। প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।
৩১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে।
ইত্তেফাক/আরএ
