কাউনিয়ায় অটোরিকশার চালককে গলা কেটে হত্যা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:১০
রংপুরের কাউনিয়া উপজেলায়  অটোরিকশার এক চালককে  হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজিজুল ইসলাম (১৮) উপজেলার রেলগেট হলদীবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন।
 
মঙ্গলবার রাতে উপজেলার ঈদগাহ মাঠের মিম্বারের উপর তাকে হত্যা করা হয়।
 
এলাকাবাসী জানায়, রাতে উপজেলার তকিপল বাজার থেকে অটোরিকশা চালিয়ে বাড়িতে ফিরছিলেন আজিজুল। রাত ১১টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে তাকে নিয়ে গিয়ে ঈদগাহ মাঠের মেম্বারের উপর ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে দুর্বৃত্তরা পুকুরে তার লাশ ফেলে যায়। ও অটোরিকশাটি নিয়ে যায়। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে।
 
পুলিশ জানায়, অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।  এ ঘটনায় মামলা হয়েছে।
 
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  এ ঘটনায় এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি। দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে।  
 
ইত্তেফাক/এএসএমইউ