চাটমোহর পৌরসভার সড়কগুলোর বেহাল দশা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:০২
 
ভাঙ্গা রাস্তার কারণে দীর্ঘদিন ধরেই চাটমোহর পৌরবাসী দুর্ভোগে রয়েছে। প্রধান সড়কসহ পৌরসভার অভ্যন্তরীণ সকল সড়কের বেহাল দশা। প্রতিটি রাস্তাই ভেঙ্গেচুরে একাকার। সামান্য বৃষ্টিতে বিভিন্ন মহল্লার রাস্তাগুলো তলিয়ে যায়। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় শিকার হচ্ছেন অনেকেই। এ সব সড়ক কবে সংস্কার করা হবে, তা কেউ বলতে পারেনি।
 
সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয় থেকে থানা বাজার হয়ে হাসপাতাল গেট পর্যন্ত প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কটি এখন চলাচলের অযোগ্য। ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। হাসপাতালের গেটে গর্তের সৃষ্টি হয়ে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।
 
পৌরবাসী নিয়মিত পৌর ট্যাক্স ও ব্যবসায়ীরা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার পরও কোন প্রকার নাগরিক সুবিধা পাচ্ছে না। সড়ক সংস্কার, পৌর সচিব ও উপ-সহকারী প্রকৌশলী নিয়োগের দাবিতে পৌরসভার কাউন্সিলররা পৌরসভার মাসিক সভা বর্জন করেছে।
 
পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, প্রয়োজনীয় অর্থ না থাকায় রাস্তাগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না।
 
এদিকে পৌরবাসী সড়কগুলো দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন।
 
ইত্তেফাক/আরএ