বাগেরহাটের মোড়েলগঞ্জে নিপা আকতার (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পিতার পরিবার। মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামে ওই গৃহবধুর স্বামীর বাড়ি এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্বামীর বাড়ির লোকজন পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পিতার পরিবারের সদস্যরা জানায়, মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বাহাদুর হাওলাদারের মেয়ে নিপা আক্তারের সাথে পার্শ্ববর্তী খাইরুখালী গ্রামের কোরবান আলীর ছেলে রবিউলের সাথে ১০ মাস আগে বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের জন্য নিপার শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার নির্যাতন করতো। এক পর্যায়ে মঙ্গলবার সকালে নিপাকে তার স্বামীসহ ওই পরিবারে সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, গৃহবধূ নিপার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরএ
