সাঘাটায় স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৭
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বন্যার পানির তোড়ে ভেঙ্গে ক্ষতিগ্রস্ত জুমারবাড়ি-নলছিয়া রাস্তার সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় জনগণ। বে-সরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সৌহার্দ্য-ওওও কর্মসূচির আওতায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় জনসাধারণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মঙ্গলবার থেকে রাস্তার সংস্কার কাজ শুরু করে।
 
উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কাঠুর, চান্দপাড়া ও জুমারবাড়ি গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ এ কাজে অংশ নেয়। গত এক মাস আগে যমুনা নদীর পানি বিপদ সীমার অনেক উপরে উঠে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বপাশের সব কয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তার উপর দিয়ে বন্যার পানি তীব্র বেগে প্রবাহিত হলে নলছিয়া-জুমারবাড়ি পাকা রাস্তাটি প্রায় দুই শ মিটার জুড়ে ভেঙ্গে পাকা রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। এবং আরো তিন শ মিটার জুড়ে রাস্তার এক পাশের অংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়ে। রাস্তার সবধরণের যানবাহন চলাচল বন্ধ থাকায় স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র/ছাত্রী, হাটবাজারের অসংখ্য লোকজন পায়ে হেটে দীর্ঘপথ পাড়ি দিচ্ছে। দুর্ভোগ লাঘবে স্থানীয় জনসাধারণ নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ রাস্তার সংস্কার কাজ শুরু করেছে।
 
জুমারবাড়ি ইউপি সদস্য সৈয়দজ্জামান এসকেএস ফাউন্ডেশনের সৌহার্দ্য-ওওও প্রকল্পের প্রতিনিধি রেজাউল করিম রেজা জানান, এ মুহূর্তে রাস্তাটি সংস্কারের জন্য সরকারি-বেসরকারিভাবে কোনো বরাদ্দ না থাকায় স্থানীয় প্রায় দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষ কোনো পারিশ্রমিক ছাড়াই নিজেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এ রাস্তার সংস্কার কাজ করছে।
 
ইত্তেফাক/এএসএমইউ