গোপালগগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম বীর বিক্রম।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ‘সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম বীর বিক্রম শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের গল্প বলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহন, প্রতিরোধ যুদ্ধ ও চূড়ান্ত বিজয় সম্পর্কে শিক্ষার্থীদের সামনে বর্ননা দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশ নেই। বঙ্গবন্ধুর জন্যই আমরা দেশ পেয়েছি। আগামী ১০০ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থকবে বলে তিনি জানান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্মের উপর সহস্রাধিক ঐতিহাসিক স্থির চিত্র প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগ্রহের সাথে এ স্থীর চিত্র পরিদর্শন করে।
শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজন তাদের দেশে প্রেমে উদ্বুদ্ধ করেছে। তারা সন্ত্রাস ও জঙ্গি মুক্ত দেশ গঠনের বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও মুক্তিযুদ্ধের চেতনা প্রচারনার দাবি জানায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
