কুমিল্লার চান্দিনায় বাল্য বিয়ের আয়োজন করায় ঘটকসহ বরকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের বরের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
কনে জান্নাতুল ফেরদৌস উপজেলার কৈকরই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
আটককৃত ওমান প্রবাসী বর ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. মোর্সেদ (২৪) ও ঘটক একই গ্রামের আব্দুল হক এর ছেলে মাসুদ (৩৮)।
মাইজখার ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সফিকুল ইসলাম জানান, উপজেলার বরকরই ইউনিয়নের লেংড়ামুড়ি গ্রামের নজির মিয়ার মেয়ে স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস এর সাথে ভোমরকান্দি গ্রামের ওমান প্রবাসী মোর্সেদ এর সাথে বিবাহ ঠিক করা হয়।
মেয়ের এলাকার সচেতন মানুষ বাল্য বিয়েতে বাধা দিলে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার রফিকুল ইসলাম ভুয়া জন্ম সনদ তৈরি করে ঘটক মাসুদ এর যোগসাজসে মঙ্গলবার রাতে অনানুষ্ঠানিক ভাবে ছেলের বাড়িতে বিয়ের আয়োজন করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বিয়ে বাড়ি ভোমরকান্দি গ্রামে হাজির হন। সেখানে অভিযান চালিয়ে লাল বেনারসী পড়া কনে বেশে স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং ঘটক ও বরকে আটক করে পুলিশ হেফাজতে দেয়।
ইউএনও জানান, অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীকে বিয়ে করার উদ্দেশে বাড়িতে উঠিয়ে আনার অপরাধে বর মোর্সেদকে এক হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও বিয়ের আয়োজন করার অপরাধে ঘটক মাসুদকে একই কারাদন্ড প্রদান করা হয়।
