জিয়ানগরে দুর্গোৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তের ব্যস্ততা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৭
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জিয়ানগরের প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শেষ মুহূর্তে তারা কাদা মাটির তৈরি প্রতিমায় শৈল্পিক রংতুলির আঁচড় কাটছেন মনের মাধুরি মিশিয়ে। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবং তার সঙ্গীয় লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অনিষ্টকারী অসুরসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি।
 
অপর দিকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুর্গোৎসবকে কেন্দ্র করে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। তাদের ঘরে ঘরে চলছে সাজ-সজ্জার বিশেষ আয়োজন। অনেকে মুড়ি, মোয়া, নারু তৈরিতেও ব্যস্ত।
 
জানা গেছে, এ বছর উপজেলার ২৪টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি যৌথ সভা করা হয়েছে। উপজেলা প্রশাসন নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে যে কোন পদক্ষেপ গ্রহণ করবে।
 
ইত্তেফাক/এএসএমইউ