প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, শেরপুরে মামলা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৮
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি করায় বগুড়ার শেরপুর থানায় মামলা হয়েছে।
 
গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও কোষাধ্যক্ষ তানভির আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাত আহমেদ সিদ্দিকীকে অভিযুক্ত করা হয়েছে।
 
মামলার বাদী আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ বলেন, চৌধুরী ইরাত আহমেদ সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন এবং তাকে নিয়ে কটূক্তি করেন। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেও কটূক্তি করেন।
 
এ প্রসঙ্গে  শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় সাবেক বিএনপি নেতার ছেলে ইরাত আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে মামলার তদন্ত শুরু করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি